দূরভাষ
রিসিভারটা তোলার সময় শেষবার ভাবলো ঋতবান, এক সেকেন্ড, আর তারপর শেষ দ্বিধাটুকু ঝেড়ে ফেলে ডায়াল করলো নম্বরটা.. বাজছে.. কে ধরবে?.. অচেনা কোনো গলা.. ? নাকি চেনা গলা টাই...!! কোন গলাটা চাইছে ও? চেনাটা? মাঝেমাঝে মনে হচ্ছে, অচেনা গলা হলেই ভালো হয়.. আচ্ছা, গলাটা চিনতে পারা যাবে? যদি ভারী হয়ে গিয়ে থাকে? অনেকগুলো বছর পেরিয়ে গেছে মাঝখানে .. টেনশন বাড়ছিল.. যেন প্রশ্নপত্র হাতে পাবে, সাজেশন মিলেছে না মেলেনি তার পরীক্ষা.. অনেক ভেবেছে, নিজেকে আটকাতে পারেনি। বহুবার ভেবেছে, বহুদিন.. মাসের পর মাস কেটেছে, বছর ঘুরে গেছে। তবু মনস্থির করতে পারেনি। বারবার ফোন হাতে তুলেও রেখে দিয়েছে, ইমেইল টাইপ করেও মুছে দিয়েছে। অনেক দূরে থাকে সে, অনেক দূরের মানুষ। অন্য শহর, অন্য জীবন । কি দরকার এসবের? কখনো নিজেকে শাসন করেছে, কখনো নিজের মনকে ঠাট্টা করেছে, কখনো নিজেকেই ভয় পেয়েছে। বারবার স্ত্রীর কথা মনে পড়েছে, আর অবধারিতভাবে পুপুর। নিজেই নিজেকে বুঝিয়েছে, এটা ওদেরকে ঠকানো নয়। সেতো পুরোপুরি তার সংসারের। ঋতবান জানে এর মধ্যে কোনো পাপ নেই, নিজের মন সম্পর্কে কোনো সন্দেহ নেই তার.. তবু অকারণ কেন যেন একটা...